চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি অভিযোগ করেছেন, সরকারের অব্যবস্থাপনা ও ব্যর্থতা আড়াল করতেই একের পর এক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট মোকাবিলা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন সাইফুল হক।
তিনি বলেন, তারেক রহমানের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছিল, তা পূরণে তিনি অনেকাংশেই ব্যর্থ হচ্ছেন বলে মনে হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা নিয়েও উদ্বেগ জানান তিনি।
সাইফুল হক বলেন, পুরোনো সিন্ডিকেটের সঙ্গে নতুন সিন্ডিকেট যুক্ত হওয়ায় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দেশের কয়েক কোটি মানুষ অভাবের মুখে পড়তে পারে।
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও শ্রমিকদের জীবনমান উন্নয়নে তেমন অগ্রগতি হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় রেলওয়ে, যোগাযোগ ও গ্যাস খাতসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে আত্মঘাতী সিদ্ধান্ত পরিহার করে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা।
