কক্সবাজারের রামুতে পৃথক অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গত ১৬ ও ১৭ অক্টোবর রামুর চেইন্দা (বসুন্ধরা সংলগ্ন) এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর ক্যাম্পের মো. দলিল আহমদের ছেলে মো. জুনায়েদ (২২), কুতুপালং ২ নম্বর ক্যাম্পের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে কবির হোসেন (২৩) এবং কুতুপালং ৫ নম্বর ক্যাম্পের শফিকের ছেলে মোহাম্মদ বেলাল (২০)।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ অক্টোবর রাত ৮টার দিকে চেইন্দা এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। এ সময় ১০ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোনসহ মো. জুনায়েদ নামে এক রোহিঙ্গাকে হাতেনাতে আটক করা হয়। পরে একই স্থানে ১৭ অক্টোবর ভোর ৪টার দিকে পৃথক আরেকটি অভিযান চালায় এসআরবি। ওই অভিযানে আরও ১৮ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোনসহ কবির হোসেন ও মোহাম্মদ বেলাল নামে অপর দুই রোহিঙ্গাকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদক ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।
