Published on
:
1 min read
পুজোর আনন্দ উৎসব শেষ হতে না হতেই ভিড় বাড়তে শুরু করেছে দিঘায়। শুরু হয়েছে হোটেল বুকিং। আসলে পুজোর আগে টানা ৬ দিন প্রশাসনের নির্দেশে দোকান বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছিলেন ব্যবসায়ীরা। এ বার পুজো মিটতেই দিঘায় চেনা ছবি ধরা পড়েছে। আর তাতে আশার আলো দেখছেন স্থানীয় দোকানদার থেকে হোটেল ব্যবসায়ীরাও।
পুজোর আগে বিশেষ অনুষ্ঠান ও প্রস্তুতির জন্য প্রশাসনের পক্ষ থেকে ১১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত দিঘায় ৬ দিন ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। ১৬ তারিখ সেই নিষেধাজ্ঞা উঠে গেলেও দিঘায় পর্যটকদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। যার ফলে ব্যবসায়ীরা বেশ সমস্যায় পড়েছিলেন। তবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মীদের টানা পুজোর ছুটি থাকায় ধীরে ধীরে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে দিঘায়। সূত্রের খবর, গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার দিঘাতে তুলনামূলক ভাবে বেশি পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়।
দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, পুজো মিটতেই দিঘায় ভিড় হতে শুরু করেছে। হোটেল বুকিংও বাড়ছে। আগে ৪০ থেকে ৪৫ শতাংশ হোটেল বুকিং হলেও বুধবার থেকে সেই বুকিং প্রায় ৯০ শতাংশ বেড়েছে। আগামী দিনে পর্যটক আরও বাড়বে বলেই আশা রয়েছে।
স্থানীয় দোকানদার সুবীর সামন্ত জানান, পুজোর আগে টানা ছ'দিন আমাদের ব্যবসা বন্ধ ছিল। নিষেধাজ্ঞা উঠে গেলেও পর্যটকের তেমন দেখা মেলেনি। ফলে, ভালো ব্যবসা হয়নি। পুজো মিটতেই পর্যটকদের ভিড় দেখে ব্যবসা ভালো হবে বলেই আশা করছেন তাঁরা।
