ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে কহিনুর (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১১ অক্টোবর) উপজেলার বরাতীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত কহিনুর বরাতীপুর এলাকার বাসিন্দা শহিদুলের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে তুচ্ছ একটি বিষয় নিয়ে মায়ের সঙ্গে কহিনুরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষোভ ও অভিমান নিয়ে তার মা ঘর থেকে বাইরে চলে যান। এ সময় ঘরে একা থাকা কহিনুর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সানা/আপ্র/১২/১০/২০২৬
