পরিচ্ছন্নকর্মীদের আবাসন সংকট দূরীকরণে আধুনিক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রস্তাব বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাশাপাশি স্থানীয় পরিচ্ছন্নকর্মী পরিবারের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের চাকরির সংস্থানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।
আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তেলেগু ও কানপুরী ভাষাভাষী পরিচ্ছন্নতাকর্মী পরিবারের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন। বিকেলে দয়াগঞ্জ পরিচ্ছন্নতাকর্মী নিবাসে আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ অনুদান বিতরণ করা হয়।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক নির্দেশনায় তেলেগু ও কানপুরী ভাষাভাষী ৬৮০টি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের প্রতিটির জন্য দুই হাজার টাকা এবং তাদের স্থানীয় দুটি মন্দিরে বিশেষ অনুদান প্রদান করা হয়েছে।
পরিচ্ছন্নকর্মীদের আবাসন সংকট নিরসনে দয়াগঞ্জে নতুন দুটি ভবনসহ ঢাকা দক্ষিণে আরও ১৭টি ভবন করার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সরকার পরিচ্ছন্নকর্মীদের বিনা খরচে চিকিৎসা এবং কোনো কর্মীর মৃত্যুতে এককালীন চার লাখ টাকা অনুদানের ব্যবস্থা করেছে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পরিচ্ছন্নকর্মীরা যেন মাথা উঁচু করে বাস করতে পারেন এবং সমান অধিকার ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার কাজ করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহা. আবদুস সালাম পরিচ্ছন্নকর্মীদের কল্যাণে সিটি করপোরেশনের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, স্থানীয় নেতা এবং তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
