Published on
:
1 min read
এই সময়, আসানসোল: ঐতিহ্যবাহী রেলশহর চিত্তরঞ্জনের দুর্গাপুজো ও সাংস্কৃতিক আবহকে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ নিল চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা (সিএলডব্লিউ) কর্তৃপক্ষ। শহরের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এ বার চিত্তরঞ্জনের আটটি এরিয়া কমিটিকে পুজোয় বিশেষ আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের দিনগুলিতে নানা সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি এরিয়া কমিটিকে ১০ হাজার টাকা করে অর্থসাহায্য করা হবে। রেলের এই পদক্ষেপে উৎসবের মুখে আনন্দের হাওয়া পুজো উদ্যোক্তাদের মধ্যে।
শহরে আয়োজিত ১৪টি দুর্গাপুজো প্রসঙ্গে পথের পল্লি পুজো কমিটির অন্যতম উপদেষ্টা নেপাল চক্রবর্তী জানান, যে সব এরিয়ায় দু’টি বা চারটি পুজো রয়েছে, সেখানে অনুদানের টাকা ভাগ করে নেওয়া হবে। আইএনটিইউসি ইউনিয়নের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষের এই পদক্ষেপকে অভিনন্দন জানানো হয়েছে উদ্যোগকে স্বাগত জানিয়েও দ্রুত টাকা হাতে মেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন পুজো কমিটির প্রতিনিধিরা।
এরিয়া ৬-এর ভাইস ওয়ার্ডেন বাপ্পা কুণ্ডু বলেন, ‘রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা শুনে আমরা খুশি, তবে এই আর্থিক অনুদানের টাকা এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। আমরা আশা করছি দ্রুতই এই বরাদ্দ আমরা পেয়ে যাব।’ স্থানীয় পুজোপ্রেমী ও সাংস্কৃতিক কর্মীদের আশা, রেলের এই ধরনের আর্থিক সহায়তার ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে, যা স্থানীয় শিল্পী ও সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করবে।
