রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার গঙ্গারাম (উজো বাজার) এলাকায় পাহাড়ি বাসিন্দাদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে কাসালং ক্যাম্পের আওতাধীন গঙ্গারাম মুখ ও আশপাশের বিভিন্ন গ্রামের এক শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীকে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।
চিকিৎসাসেবা কার্যক্রমে নেতৃত্ব দেন বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব। তিনি স্বয়ং উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ দেন।
সেনাবাহিনী সূত্রে জানানো হয়, দুর্গম পাহাড়ি এলাকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাঘাইহাট জোনের আওতাধীন ভূয়াছড়ি, মাসালং, সাজেক, বঙ্গলতলীসহ বিভিন্ন সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকায় নিয়মিত এমন মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গঙ্গারাম বাজারে এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়।
বাঘাইহাট জোন কর্তৃপক্ষ জানায়, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচআর
