মণ্ডপসজ্জায় বাবার কথাEi Samay
Published on
:
1 min read
এই সময়, রায়গঞ্জ: বাবা মানেই প্রতিটি পরিবারের বটবৃক্ষ। সেই বটবৃক্ষের ছায়াতেই চলে সংসার, বেড়ে ওঠে সন্তানেরা। সন্তান এবং পরিবারের ভবিষ্যৎ গড়তে নিজের সুখ-স্বাচ্ছন্দ্যকে পিছনে রেখে নিরলস পরিশ্রম করে যান একজন বাবা। অথচ সেই অবদানের বিনিময়ে কোনও স্বীকৃতির প্রত্যাশা থাকে না তাঁদের।
বটগাছের মতোই পরিবারের উপর ছায়া হয়ে থাকা সেই বাবাদের এ বছর দুর্গাপুজোর থিম হিসেবে তুলে ধরছে রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লীর দেহশ্রী ব্যামাগার। দেহশ্রী ব্যায়ামাগারের পরিচালনায় রবীন্দ্রপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর ৭০তম বর্ষে পদার্পণ করেছে। এবছর এই পুজোর থিমের নাম- ‘শ্রীচরণেষু বাবা’।
পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে বাবাদের নীরব ত্যাগ, দায়িত্ববোধ এবং সন্তানদের প্রতি ভালোবাসার গল্প। গোটা মণ্ডপেই থাকছে পিতৃত্বের ছোঁয়া। মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন রায়গঞ্জের ডেকরেটার অমিত কুণ্ডু। উত্তর ২৪ পরগনার হাবরার শিল্পীরা ফুটিয়ে তুলেছে গোটা থিম।
থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা গড়েছেন রায়গঞ্জের মৃৎশিল্পী বাপি পাল। আলোকসজ্জা থাকছে চন্দননগরের। এছাড়া অষ্টমীতে প্রসাদ বিতরণ করা হবে। পরিবারের নেপথ্যে নায়ক বাবাদের স্মরণ করার এই আবেগঘন প্রয়াস দর্শনার্থীদের নজর কাড়বে বলে মনে করছেন পুজো কমিটির সদস্যরা।
দেহশ্রী ব্যায়ামাগারের সম্পাদক প্রানেশ সরকার বলেন, “বাবাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের পুজোর থিমের নাম ‘শ্রীচরণেষু বাবা’। পরিবারের নেপথ্যে থেকে নিঃশব্দে দায়িত্ব পালন করা বাবাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ ভাবনা। আমরা আশা করছি আমাদের এই অভিনব ভাবনা দর্শনার্থীদের নজর কাড়বে।”