নবীগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’র সহযোগী সংগঠন ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনি দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তীর্থ দাশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত দাশ, সাংগঠনিক সম্পাদক স্বপন দাশ, দপ্তর সম্পাদক গোপাল দাশ জিৎ, দীপ শেখর দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা কিশোরদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে একটি সুন্দর, মানবিক ও সচেতন সমাজ গঠনে কিশোরদের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে তীর্থ দাশকে সভাপতি, স্বপন দাশকে সাধারণ সম্পাদক এবং গোপাল দাশ জিৎকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি তীর্থ দাশ তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, তাঁদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন। কিশোরদের সৃজনশীলতার বিকাশ এবং সামাজিক কল্যাণে সনাতন-দীননাথ কিশোর সংসদ আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে এবং কিশোরদের ইতিবাচক কার্যক্রমে অংশগ্রহণ বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
The post নবীগঞ্জে সনাতন-দীননাথ কিশোর সংসদের নতুন কমিটি গঠন appeared first on ভোরের চেতনা.
