কালবেলা · আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ায় এমপিকে গাড়িচাপায় হত্যাচেষ্টা
২০/১০/২০২৬

অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত ৬৫ বছর বয়সী এই এমপি হাসপাতালে সংকটাপন্ন হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছেন। দুর্ঘটনায় তার একটি পা কেটে ফেলা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ভিক্টোরিয়া রাজ্যের ওয়ানগারাট্টা শহরে নিজের কার্যালয়ের বাইরে একটি টয়োটা ল্যান্ড ক্রুজার এসইউভির ধাক্কায় আহত হন হেইনস।
পুলিশের অভিযোগ, ৪৩ বছর বয়সী চালক ব্রেন্ডান নুজেন্ট ইচ্ছাকৃতভাবে তাকে লক্ষ্য করে গাড়ি চালিয়েছিলেন। তবে এ বিষয়ে তদন্ত চলছে।
মঙ্গলবার নুজেন্ট পুলিশের হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আহত করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা এবং কমনওয়েলথের একজন সরকারি কর্মকর্তাকে আহত করার অভিযোগ আনা হয়েছে।
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে। অন্য কারও প্রতি হুমকির বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
বুধবার ওয়ানগারাট্টার একটি আদালতে নুজেন্টকে হাজির করার কথা রয়েছে। সেখানে তার জামিনের শর্ত নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
দুর্ঘটনার পর হেইনসকে প্রথমে ওয়ানগারাট্টার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সোমবারই তাকে হেলিকপ্টারে করে প্রায় ২৩৬ কিলোমিটার দূরে রাজ্যটির রাজধানী মেলবোর্নের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
সূত্র: সিবিসি নিউজ
মূল প্রতিবেদনে যান ↗