সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তারেক রহমান বলেন, সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন। দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক জীবন ও দলীয় কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশ ও দলের প্রতি সালাহউদ্দিন আহমেদের অবদান বিএনপি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দল একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে, যা দলের জন্য অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালাহউদ্দিন আহমেদ মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ফুসফুসের সমস্যা ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
সালাহউদ্দিন আহমেদ ঢাকা-৪ আসন থেকে ১৯৯১ ও ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি দলটির বাণিজ্যবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
