প্রকাশিত: ২২:১০, ২৩ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনায় অ্যাজাক্স জুট মিলের মালামাল চুরি করে পালানোর সময় সম্রাট ঢালী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সম্রাট ঢালী খুলনা নগরীর দৌলতপুর সেনপাড়া বউবাজার এলাকার কানাই ঢালীর ছেলে। দুর্ঘটনার সময় তার সঙ্গে থাকা অপর দুজন পালিয়ে যায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ৯টার দিকে সম্রাট ঢালীসহ আরো দুই যুবক চুরির উদ্দেশে খানজাহান আলী থানাধীন মীরেরডাঙ্গা এলাকায় অ্যাজাক্স জুট মিলে প্রবেশ করেন। সেখানে থাকা কয়েকজন নিরাপত্তা প্রহরী বিষয়টি টের পান। তারা ওই তিনজনকে ধাওয়া করেন। ঘটনাস্থল থেকে দুইজন পালিয়ে গেলেও সম্রাট মিলের ছাদ থেকে লাফ দেয়। নিচে পড়ে গুরুতর আঘাত পান সম্রাট। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেছেন, চুরিসহ অন্যান্য অভিযোগে সম্রাটের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
