আবুধাবি টেস্টে জয়ের ভালো সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। পঞ্চম দিনে সেদিকুল্লাহ আতালের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচটি জিততে পারেনি টাইগাররা। ম্যাচে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে না পারায় হতাশ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে দলের পেসারদের পারফরম্যান্স এবং লিটন দাসের ব্যাটিং ও উইকেটকিপিংয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
ম্যাচ শেষে শান্ত বলেন, ‘হতাশাজনক, তবে আফগানিস্তান দারুণ ক্রিকেট খেলেছে। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। পেসাররা খুব ভালো বোলিং করেছে। আশা করেছিলাম, স্পিনাররাও ম্যাচে প্রভাব ফেলবে। তারা চেষ্টা করেছে, তবে আফগানিস্তান সত্যিই অসাধারণ খেলেছে।’
দলের পেসারদের প্রশংসা করে বাংলাদেশ অধিনায়ক বলেন, হাসান মাহমুদকে যখনই বল দেওয়া হয়, তিনি দলের জন্য ভালো কিছু করেন। অস্ট্রেলিয়া কিংবা আবুধাবির কন্ডিশন, সব জায়গাতেই তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।
শান্ত বলেন, ‘এবাদত, তাসকিন, রানা ও শরিফুলকে নিয়ে আমাদের পেস ইউনিটও দুর্দান্ত। তারা অনেক পরিশ্রম করে। আশা করি, গত কয়েক বছরে যেভাবে পারফর্ম করেছে, সামনেও সেই ধারাবাহিকতা ধরে রাখবে।’
ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। পাশাপাশি উইকেটের পেছনেও দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে।
লিটনের পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘এই ম্যাচে লিটন যেভাবে খেলেছে, তা সত্যিই অসাধারণ। শুধু এই ম্যাচেই নয়, গত কয়েক বছর ধরেই উইকেটের পেছনে সে দারুণ পারফর্ম করছে।’
লিটনের ডিআরএস নেওয়ার সিদ্ধান্তেরও প্রশংসা করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, এমন কন্ডিশনে সেঞ্চুরি করার পর ১৪০ ওভার উইকেটকিপিং করে লিটন নিজের সামর্থ্য ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন। এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক।
শান্ত আশা প্রকাশ করেন, ব্যাটিং ও উইকেটকিপিং, দুই বিভাগেই লিটন ভবিষ্যতে এমন পারফরম্যান্স অব্যাহত রাখবেন।
এমএস/
