টাঙ্গাইলের নাগরপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখতে যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৬৫ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য সাড়ে ১০ লাখ টাকা।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে উপজেলার যমুনা নদীর ‘ভুতের মোড়’ থেকে দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর ঘাট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, অভিযানে প্রায় ৬৫ হাজার ৫০০ মিটার ক্ষতিকর ও অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা।
তিনি আরও জানান, পরবর্তী সময়ে নদীতীরবর্তী বাসিন্দা ও স্থানীয়দের উপস্থিতিতে ‘ভুতের মোড়’ এবং দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর ঘাট এলাকায় জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য কর্মকর্তা বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মাছের বংশবৃদ্ধি ও সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, নাগরপুর থানা পুলিশ এবং সিরাজগঞ্জের চৌহালী নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
