নিরাপত্তা জোরদার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে সচিবালয়ে সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিদের সঙ্গে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কেউ প্রবেশের অনুমতি পাবেন না।
গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট কয়েকজন সচিবের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাটির কার্যবিবরণীতে বলা হয়েছে, সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে সচিবালয়ে প্রবেশের সময় কেবল তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালককে সঙ্গে নেওয়ার অনুমতি দেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করে প্রবেশের ব্যবস্থা করতে হবে।
সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রবেশব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
