শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার চামিন্ডা ভাস আইপিএলে প্রথমবারের মতো কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন। ২০২৭ আসরকে সামনে রেখে তাকে ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস।
টেস্টে ৩৫৫ ও ওয়ানডেতে ৪০০ উইকেটের মালিক ভাস শ্রীলঙ্কার অন্যতম সফল বোলার। প্রধান কোচ সৌরভ গাঙ্গুলির অধীনে পুনর্গঠিত দিল্লি ক্যাপিটালসের নতুন কোচিং স্টাফে যোগ দিচ্ছেন তিনি। এই সপ্তাহের শুরুতে সাবেক ভারতীয় তারকা যুবরাজ সিংকে সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছিল দিল্লি। এর মাধ্যমে টানা দুই মৌসুম দলের বোলিং কোচের দায়িত্ব পালন করা মুনাফ প্যাটেলের স্থলাভিষিক্ত হলেন ভাস।
৫২ বছর বয়সী ভাস এর আগে তিন দফায় শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। নিউজিল্যান্ড দলের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তির মাধ্যমে তার কোচিং ক্যারিয়ার শুরু হয়। এরপর ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করার পর আবারও শ্রীলঙ্কা দলে ফিরেছিলেন এই লঙ্কান পেস কিংবদন্তি।
কোচিংয়ের পাশাপাশি খেলোয়াড় হিসেবেও আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে ভাসের। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ডেকান চার্জার্সের হয়ে খেলেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ১৩টি ম্যাচে ১৮টি উইকেট শিকার করেছিলেন বাঁহাতি এই সাবেক পেসার।
২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছিলেন চামিন্ডা ভাস।
এমএমটি
-20261017062747.jpg&w=1440&q=75)