কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে শুরু হয় উদ্ধার অভিযান। এদিকে, ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে সাতটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের ধারণা, নিহত ব্যক্তিরা পর্যটক। তবে তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে ১৭ জন পর্যটক ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে সময় লাগবে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকর্মীরা কাজ করছেন। রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ভবনের ভেতরে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম ও আবুল কাশেমের অভিযোগ, পর্যটকদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে চলে গেছেন। তাঁদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
বিআলো/শিলি