রাঙামাটির কাপ্তাইয়ে একটি কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে দানবাক্সের টাকা ও সরকারি ওষুধ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে ক্লিনিক খুলতে গিয়ে ভাঙা তালা দেখতে পান সংশ্লিষ্ট কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) খোদেজা আক্তার।
এ ঘটনায় কাপ্তাই থানায় অভিযোগ করা হয়েছে। চুরির ঘটনাটি ঘটেছে কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিল্প এলাকায় অবস্থিত কমিউনিটি ক্লিনিকে।
খোদেজা আক্তার জানান, রোববার সকাল ৯টার দিকে ক্লিনিক খুলতে গিয়ে দরজার তালা ভাঙা দেখতে পান তিনি। ভেতরে ঢুকে দানবাক্সে রাখা টাকা ও কিছু সরকারি ওষুধ খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পারেন।
রোগীদের কাছ থেকে পাঁচ টাকা করে নিয়ে দানবাক্সে জমা রাখা হয়েছিল। চোরেরা ক্লিনিকের প্রায় তিনটি তালা ভেঙেছে বলে জানান তিনি। ঘটনাটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট সিএইচসিপি থানায় অভিযোগ করেছেন। খবর পেয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/আমিনা