আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে ঢাকাপট্রি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে তালশন কালীবাড়ি মোড়ে বেশ কিছু নেতাকর্মী জড়ো হন। এরপর তারা থানাসহ বিভিন্ন এলাকায় নাশকতা, মহাসড়কে যানবাহন ভাঙচুর, সরকারি স্থাপনায় ক্ষতি সাধন করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির নিমিত্তে একত্রিত হয়েছেÑ এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা ও যুবলীগ নেতা গোলজারকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি জামিরুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।