কালকিনিতে প্রবাসীর ঘরে আগুন দেওয়ার মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মাদারীপুরের কালকিনিতে সৌদিপ্রবাসী এক কৃষকের বসতঘরে আগুন, হামলা ও লুটপাটের মামলায় প্রধান আসামি জাকির সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার সাহেবরামপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী হাবিবুর রহমান হাবুল শিকদার দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে প্রায় ১০ বছর আগে কালকিনির চর সাহেবরামপুর গ্রামে জমি কিনে দোতলা টিনের ঘর নির্মাণ করেন তিনি।
ওই জমি নিয়ে প্রতিবেশী কামাল মালের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। ২০২২ সালে এ নিয়ে আদালতের দ্বারস্থ হন হাবুল শিকদার। এরপর বিরোধ আরও বাড়ে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
এজাহার অনুযায়ী, গত ৫ অক্টোবর বিরোধ মীমাংসার জন্য দিন ধার্য ছিল। হাবুল শিকদার সেখানে উপস্থিত না হওয়ায় প্রতিপক্ষের লোকজন তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ রয়েছে। পরে বসতঘরে আগুন দেওয়া হয়। এতে ঘরটি পুড়ে যায়।
ঘটনার পরদিন ৬ অক্টোবর হাবুল শিকদারের স্ত্রী দেলোয়ারা বেগম ১৬ জনকে আসামি করে কালকিনি থানায় মামলা করেন। ওই মামলায় জাকির সরদারকে প্রধান আসামি করা হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, বসতঘরে আগুন দেওয়া ও লুটপাটের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
