ফরিদপুরের আলফাডাঙ্গায় সারের ডিলার নিয়োগে চরম অনিয়ম, অবৈধ ঘুষ বাণিজ্য এবং আওয়ামী লীগ অনুসারীদের পুনর্বাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় উপজেলা যুবদল ও পৌর বিএনপি’র একাংশ। রোববার সকাল ১১টায় আলফাডাঙ্গা পৌর সদর বাজারস্থ বিএনপি নেতা খোসবুর রহমান খোকনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠ ও উপস্থাপন করেন আলফাডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহিন মোল্লা এবং পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. বাশারুল বারী। ?সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, দেশ যখন ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই আলফাডাঙ্গায় সারের বিসিআইসি ও খুচরা ডিলারশিপ বরাদ্দে একশ্রেণির অসাধু কর্মকর্তা ও স্থানীয় সুবিধাবাদী চক্র মোটা অঙ্কের আর্থিক লেনদেনে মেতে উঠেছে।
বিগত ১৫ বছর সাধারণ কৃষককে জিম্মি করা ও সারের কৃত্রিম সংকট তৈরিতে জড়িত আওয়ামী পরিবারের সদস্যদের পুনরায় মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ডিলারশিপ পাইয়ে দেয়া হচ্ছে। ?সংবাদ সম্মেলনে চিহ্নিত কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়, তারা হলেন- আলফাডাঙ্গা ইউনিয়নের দাউদ মোল্যা (বিএনএফ), টগরবন্দ ইউনিয়নের আলামিন শেখ টোকন (আওয়ামী লীগ), বানা ইউনিয়নের কাজী অমিত হাসান জয় (আওয়ামী লীগ) এবং পাচুড়িয়া ইউনিয়নের শওকত আলীকে (আওয়ামী লীগ) ডিলারশিপের জন্য বন্দোবস্ত করার তীব্র প্রতিবাদ জানানো হয়। ?দলের ভাবমূর্তি রক্ষায় এবং সাধারণ কৃষকের অধিকার নিশ্চিত করতে সংবাদ সম্মেলন থেকে ৪টি স্পষ্ট দাবি জানানো হয়। দাবিগুলো হলো- প্রহসনমূলক ও অবৈধ ডিলার নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বাতিল করা, ঘুষ-বাণিজ্য মুক্ত, সরকারি নীতিমালা মেনে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ডিলারশিপ বরাদ্দ দেয়া, অনিয়মের সঙ্গে জড়িত প্রশাসনিক কর্মকর্তা ও সুবিধাবাদী রাজনৈতিক নেতাদের চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংগঠনিক ব্যবস্থা নেয়া, কৃষকদের জন্য সারের নিরবচ্ছিন্ন সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করা।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে এই অসাধু সিন্ডিকেট ও ডিলার নিয়োগের নামে ঘুষ বাণিজ্য বন্ধ না করা হলে সাধারণ কৃষক ও জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি পালন করা হবে। প্রতিবাদ সম্মেলনে এ অনিয়ম, ঘুষ দুর্নীতির বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাসকে দোষী সাব্যস্ত করা হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- পৌর বিএনপি’র সহ-প্রচার সম্পাদক মো. তারিকুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি মো. কাইয়ূম শিকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
