ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারত থেকে অবৈধভাবে আনা ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৪৮টি ডিসপ্লে জব্দ করা হয়। বিজিবির দাবি, এটি চলতি বছরের সবচেয়ে বড় চালান।
বুধবার দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলীনগর বিওপির টহলদল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থান নেয়। এ সময় ভারত থেকে আসা ২৫ থেকে ৩০ জনের একটি দলকে ধাওয়া করেন বিজিবি সদস্যরা। একপর্যায়ে ওই দলের সদস্যরা কার্টনে মোড়ানো ডিসপ্লে ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে ১৫ হাজার ৪৮টি ডিসপ্লে জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা। জব্দ করা পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত এক বছরে সরাইল ২৫ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে মাদকসহ মোট ১২৯ কোটি ৩ লাখ ৭২ হাজার ৮৭৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় ২৫ জনকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় সোপর্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: ভারতীয় পণ্য জব্দ
২৩ জুন ২০২৬
১২ জানুয়ারি ২০২৬
১০ জানুয়ারি ২০২৬
