রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর নূর আমিন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। আজ শনিবার বেলা ১১টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নূর আমিন (৮) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের রেজাউল করিম ফকিরের ছেলে।
দৌলতদিয়া নৌ পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নদীর প্রবল স্রোতে ভেসে যায় নুর আমিন। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের লোকজন গতকাল বিকেল সাড়ে পাঁচটায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে আজ শনিবার সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান পুনরায় শুরু করে। এ সময় দৌলতদিয়া ও আরিচা অঞ্চলের দুটি দলই উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করে। পরে বেলা ১১টার দিকে দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে তার মরদেহ পাওয়া যায়।
দৌলতদিয়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, ‘শুক্রবার নিখোঁজ শিশুটির মরদেহ শনিবার বেলা ১১টার দিকে উদ্ধার করে ডুবুরি দল। শিশুটির বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধারের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স আরিচার টিম লিডার জাহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ৭ সদস্যের ডুবুরি দল কাজ করে। পরে নিখোঁজের ২২ ঘন্টা পরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।’
