সংবাদ · সাধারণ
মাদকের টাকা না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা
২১/১০/২০২৬

মাদকের টাকার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করে ব্যর্থ হওয়ার পর বাগেরহাটে কাজী মারজান (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী জড়ো হয়ে স্থানীয় এক মাদক বিক্রেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন।সোমবার (১৯ অক্টোবর) বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারজান রহিমাবাদ গ্রামের মৃত কাজী এনামুল হক রিপনের ছেলে এবং রহিমাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা মারা যাওয়ার পর মারজানের মা অভাব-অনটনের সংসারে দুই সন্তানকে বড় করছিলেন। এর মধ্যে গত দুই-তিন বছর ধরে মারজান মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকা জোগাড় করতে সে প্রায়ই পরিবারকে চাপ দিত। কিন্তু আর্থিক অক্ষমতার কারণে চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারায় সে চরম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সোমবার বিষপান করলে তাকে আশঙ্কাজনক অবস্থায় বাগেরহাট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।মারজানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ বাসিন্দারা সংগঠিত হয়ে রহিমাবাদ গ্রামে মাদকের কারবারে জড়িত বলে অভিযুক্ত এক ব্যক্তির বাড়ি ঘেরাও করেন এবং ঘরবাড়ি সরিয়ে নেওয়ার হুশিয়ারি দিয়ে হামলা চালান। পরিস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি আগেই সটকে পড়েন।স্থানীয় বাসিন্দা শেখ হাসানুল বান্না বলেন, “রহিমাবাদ ঐতিহ্যবাহী একটি শান্ত গ্রাম। কিন্তু সাম্প্রতিক সময়ে মাদকের বিস্তার পুরো পরিবেশ নষ্ট করে দিচ্ছে। মাদক বিক্রেতাদের বিষয়ে বারবার সতর্ক করা হলেও কোনো কাজ হয়নি, যার পরিণতি আজ এই মেধাবী কিশোরের প্রাণহানি।”বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, হাসপাতাল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এলাকায় মাদকবিরোধী তৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
মূল প্রতিবেদনে যান ↗