আজকাল ওয়েবডেস্ক: বয়স ৪৪। তবুও বল হাতে তাঁর দাপট কমেনি। কিন্তু এবার কি পেশাদার ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন? ২০২৭ মরশুমের জন্য তাঁকে নতুন চুক্তি দিতে নারাজ ল্যাঙ্কাশায়ার। একটি সংবাদ মাধ্য়মের প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তের পরই অ্যান্ডারসনের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। নিজের ছোটবেলার ক্লাবের হয়ে খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি। তবে সেই আশা পূরণ না হলে অবসরের পথেই হাঁটতে পারেন ইংল্যান্ডের এই তারকা পেসার।
২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অ্যান্ডারসন। তবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি তিনি। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি ২০২৫ মরশুমের দ্বিতীয়ার্ধে দলের অধিনায়কত্বও করেন। ২০২৬ মরশুমেও কাউন্টি চ্যাম্পিয়নশিপে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
বয়স যে তাঁর পারফরম্যান্সে খুব একটা প্রভাব ফেলেনি, তার প্রমাণ মিলেছে সদ্যসমাপ্ত মরশুমেও। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১৭.৬৮ গড়ে ৫০টি উইকেট নেন অ্যান্ডারসন। তাঁর এই পারফরম্যান্স প্রমাণ করে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বল হাতে এখনও যথেষ্ট কার্যকর তিনি।
তবে দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-তে শেষের দিক থেকে দ্বিতীয় শেষ স্থানে মরশুম শেষ করেছে ল্যাঙ্কাশায়ার। ফলে প্রোমোশনের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। এরপরই ক্লাবের ক্রিকেট পরিচালন ব্যবস্থায় পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন চিফ এগজিকিউটিভ রিচার্ড কেনিয়নের তত্ত্বাবধানে ক্লাবের ক্রিকেট পরিকাঠামো ও পরিচালন ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে।
এর মধ্যেই অ্যান্ডারসনকে নতুন চুক্তি না দেওয়ার খবর সামনে এসেছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কোনও মন্তব্য করেনি ল্যাঙ্কাশায়ার কর্তৃপক্ষ। ফলে আগামী মরশুমে তিনি অন্য কোনও কাউন্টি দলের হয়ে খেলবেন, নাকি পাকাপাকি ভাবে ক্রিকেটকে বিদায় জানাবেন, তা এখনও স্পষ্ট নয়।
২০০১ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় অ্যান্ডারসনের। দু’বছর পর, ২০০৩ সালের মে মাসে লর্ডসে জিম্বাবোয়ের বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট দলে অভিষেক হয় তাঁর। এরপর দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আধিপত্য বজায় রেখেছেন এই পেসার।
ইংল্যান্ডের হয়ে ১৮৮টি টেস্টে ৭০৪টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই সর্বোচ্চ উইকেটশিকারি ফাস্ট বোলার। সামগ্রিক তালিকায় তাঁর উপরে রয়েছেন কেবল দুই কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরন ও শেন ওয়ার্ন।
২০২৪ সালের জুলাইয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন তিনি। এরপর ইংল্যান্ড দল তরুণ পেসারদের নিয়ে ভবিষ্যতের দল গড়ার পরিকল্পনায় এগিয়ে যায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা চালিয়ে যান অ্যান্ডারসন। তাতে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর মোট উইকেটসংখ্যা বেড়ে দাঁড়ায় ১,১৯৩-তে।
ক্লাবের ক্রিকেট বিভাগেও একাধিক পরিবর্তন হয়েছে। মার্ক চিল্টনকে সরিয়ে পল ফারব্রেসকে নতুন ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে নিয়োগ করেছে ল্যাঙ্কাশায়ার। দলকে নতুন করে সাজিয়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আগামী দিনে আরও পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।
এই পরিস্থিতিতে অ্যান্ডারসনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। ৪৪ বছর বয়সেও দুরন্ত পারফরম্যান্স করলেও নতুন চুক্তি না পাওয়ায় তাঁর সামনে এখন বড় সিদ্ধান্ত নেওয়ার সময়। অন্য কোনও কাউন্টি দলের হয়ে খেলার সুযোগ খুঁজবেন, নাকি দীর্ঘ ক্রিকেটজীবনে ইতি টানবেন, সেদিকেই নজর ক্রিকেটমহলের।
