দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে শতাধিক নারীর মধ্যে বস্ত্র বিতরণ
বান্দরবান প্রতিনিধি
- আপডেট সময় : ১০:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারীর মধ্যে বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের বান্দরবান জেলা শাখা।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারীদের হাতে বস্ত্র তুলে দেন জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজা।
অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. জসীম উদ্দিন তুষার, চনুমং, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাস, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের বান্দরবান জেলা শাখার আহ্বায়ক রাজু কর্মকার, সদস্যসচিব উজ্জ্বল নাথসহ সনাতন ধর্মাবলম্বী নারী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাবেদ রেজা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি বলেন, এ আয়োজন পারস্পরিক সম্প্রীতির অনন্য উদাহরণ। সমাজের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আয়োজকেরা জানান, দুর্গাপূজার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। শাড়ি শুধু উপহার নয়, এটি ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক। সবাইকে নিয়ে মিলেমিশে উৎসব উদ্যাপন করাই তাঁদের লক্ষ্য।
প্রতি বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের বান্দরবান জেলা শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি, পাঞ্জাবিসহ বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয় বলে আয়োজকেরা জানান।
