Published on
:
2 min read
কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে মাইন বিস্ফোরণে মৃত্যু হলো লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার মহম্মদ ফৈজান-সহ চার জঙ্গির। রবিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি সেক্টরের ঘটনা। বিস্ফোরণের পরেই নিয়ন্ত্রণরেখা বরাবর নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে সেনা সূত্রে খবর।
এক নজরে
জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময়ে মাইন বিস্ফোরণে মৃত্যু চার জঙ্গির।
মৃতদের মধ্যে লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার মহম্মদ ফৈজান রয়েছে।
সেনা সূত্রে তাদের নাম ওয়াকাস, ইশতিয়াক ও আসিম বলে জানা গিয়েছে।
বিস্ফোরণের পর পুঞ্চের সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়িয়েছে সেনা, জারি হয়েছে সতর্কতা।
বাসোনি এলাকায় দু’টি মরচে ধরা ল্যান্ডমাইন উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে; গত এক সপ্তাহে ওই এলাকায় প্রায় এক ডজন মাইন উদ্ধার হয়েছে।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অনুপ্রবেশ রুখতে সীমান্ত বরাবর মাইন বিছিয়ে রেখেছে ভারতীয় সেনা। এ দিন সেই ‘পাতা ফাঁদেই’ পা দেয় জঙ্গিরা। জানা গিয়েছে, জঙ্গিদের একটা দল নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। সেই সময়েই প্রবল বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জঙ্গির।
লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডারের পাশাপাশি খতম তিন জঙ্গির পরিচয়ও সামনে এসেছে। সেনা সূত্রে জানা গিয়েছে, তাদের নাম ওয়াকাস, ইশতিয়াক ও আসিম। ঘটনার পরেই পুঞ্চের সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় সতর্কতাও জারি করেছে সেনা।
অন্য দিকে, মেন্ধর সেক্টরের বাসোনি এলাকায় সীমান্তের কাছে দু’টি মরচে ধরা ল্যান্ডমাইন উদ্ধার করেছেন সেনা জওয়ানরা। রাস্তা তৈরির কাজ চলাকালীন মাইন দু’টির খোঁজ মেলে। পরে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। গত এক সপ্তাহে ওই এলাকা থেকে প্রায় এক ডজন ল্যান্ডমাইন উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
অনুপ্রবেশ রুখতে নিয়ন্ত্রণরেখা বরাবর ল্যান্ডমাইন পুঁতে রাখে সেনা। তবে ভারী বৃষ্টিতে মাটি সরে গেলে বা জলের তোড়ে অনেক সময়ে মাইন অন্যত্র চলে যায়। ফলে বিপদের আশঙ্কা থাকে। মেন্ধরে পরপর ল্যান্ডমাইন উদ্ধারের ঘটনা সামনে আসায়, সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরক চিহ্নিত করে নিষ্ক্রিয় করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
FAQ
কাশ্মীরের কোথায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে?
জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে এই ঘটনা ঘটেছে।
বিস্ফোরণে কত জন জঙ্গির মৃত্যু হয়েছে?
মাইন বিস্ফোরণে লস্কর-ই-তৈবার কম্যান্ডার মহম্মদ ফৈজান-সহ চার জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর।
নিহত বাকি তিন জঙ্গির নাম কী?
সেনা সূত্রে জানা গিয়েছে, বাকি তিন জঙ্গির নাম ওয়াকাস, ইশতিয়াক ও আসিম।
বিস্ফোরণের পর কী পদক্ষেপ করেছে সেনা?
ঘটনার পর পুঞ্চের সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে।
মেন্ধর সেক্টরে কতগুলি ল্যান্ডমাইন উদ্ধার হয়েছে?
সোমবার বাসোনি এলাকায় দু’টি মরচে ধরা ল্যান্ডমাইন উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। গত এক সপ্তাহে ওই এলাকা থেকে প্রায় এক ডজন ল্যান্ডমাইন উদ্ধার করা হয়েছে বলে সেনা সূত্রে খবর।
