কালবেলা · রাজনীতি
চাঁদা দাবির অভিযোগে কথিত বিএনপি নেতাকে আটক
১১/১০/২০২৬

বিএনপি নেতা পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ।
রোববার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানাধীন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকা থেকে কথিত সেই বিএনপি নেতাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম নিরব (২৮)। তিনি রাজাবাড়ি এলাকার আজিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বেশ কিছুদিন ধরে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে আসছিলেন। সম্প্রতি তিনি কোনাবাড়ীতে ব্যবসায়ী কামালকে হোসেনকে (২৬) তুলে নিয়ে নির্যাতন চালান। এছাড়া ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
পরে ভুক্তভোগী কামাল গত ৭ অক্টোবর কোনাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ নিরবকে আটক করে।
কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন জানান, নিরব নামের কেউ আমাদের কোনাবাড়ী থানা বিএনপির কোনো পদে নেই।
কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, নিরব নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
মূল প্রতিবেদনে যান ↗