সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বেলুন ও ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করা শিশুটিকে অচেতন করে নির্যাতনের পর রক্তাক্ত অবস্থায় ফেলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ শিশুটিকে প্রথমে খানপুর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতে ছোট বোনকে খুঁজতে গিয়ে চানমারী এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কবলে পড়ে শিশুটি। ছোট বোনকে খুঁজে দেওয়ার কথা বলে ওই ব্যক্তি তাকে অটোরিকশায় তুলে শিবু মার্কেট এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে রুমাল দিয়ে মুখ চেপে ধরলে শিশুটি অচেতন হয়ে পড়ে। ভোরের দিকে জ্ঞান ফিরলে একটি কক্ষের খাটে নিজেকে দেখতে পায় সে।
শিশুটির ভাষ্য অনুযায়ী, সে মায়ের সঙ্গে শহরের মিশনপাড়া এলাকায় থাকে। তার মা একটি চকলেট কারখানায় কাজ করেন। শিশুটি ও তার ছোট বোন চাষাঢ়া শহীদ মিনারের সামনে ফুল বিক্রি করত। ছোট বোন বাসায় না ফেরায় মা তাকে খুঁজতে পাঠান। বোনকে খুঁজতে বেরিয়েই অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির কবলে পড়ে সে।
শিশুটির সঙ্গে হাসপাতালে থাকা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, চানমারী এলাকায় ছোট বোনকে খুঁজতে গিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির সঙ্গে শিশুটির পরিচয় হয়। ওই ব্যক্তি তাকে অটোরিকশায় করে শিবু মার্কেট এলাকায় নিয়ে যান। সেখানে রুমাল দিয়ে মুখ চেপে ধরলে সে অচেতন হয়ে পড়ে বলে শিশুটি জানিয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি শিশুটিকে একটি অটোরিকশায় তুলে দেন। এ সময় এক নারী শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে খানপুর হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আগেই ওই নারী চলে যান। ফলে তাঁর পরিচয় এবং শিশুটিকে ঠিক কোথা থেকে উদ্ধার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
খানপুর হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, শিশুটির কোনো অভিভাবককে না পেয়ে শুক্রবার বিকেলে থানায় বিষয়টি জানানো হয়। শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল এবং তার অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে পুলিশ পাঠিয়ে তাকে ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চিকিৎসকদের বরাতে পুলিশ জানিয়েছে, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত প্রয়োজন।
সংবাদচর্চা.কম-এ প্রকাশিত/প্রচারিত কোন কন্টেন্ট (সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও) বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।
