স্টাফ রিপোর্টার : সিলেটে হাম উপসর্গে শিশুমৃত্যু থামছে না। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৮২ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও হাম শনাক্ত না হলেও একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১১ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০২ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪২৯, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৪১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৬, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩, রাগিব রাবেয়া মেডিকেলে ৩, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪, ধর্মপাশায় ২ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫১১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭২, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৩, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৮, নর্থ ইস্টে ৩, পার্কভিউ মেডিকেলে ১২, সিলেট উইমেন্স মেডিকেলে ২, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, বিশ^নাথে ৬, বিয়ানীবাজারে ৪, গোলাপগঞ্জ ১৪, ধর্মপাশায় ২, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬২, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩, বাহুবলে ৫ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ৪ মাস বয়সী শিশু আদিল আহমদ সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৫, হবিগঞ্জে ২৫, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৭৮, হবিগঞ্জে ২৯, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘন্টায় সিলেটে হামে ১ শিশুর মৃত্যু হয়েছিল।
