১৮ হাতবিশিষ্ট লক্ষ্মী প্রতিমাছবি: Ei Samay
Published on
:
1 min read
দশভুজা বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে দেবী দুর্গার প্রতিচ্ছবি। কিন্তু মা লক্ষ্মীরও যে ১৮টি হাত থাকতে পারে, তা অনেকেরই অজানা। এমনই এক ব্যতিক্রমী লক্ষ্মী প্রতিমার পুজো করা হয় মালদার বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়ায়। এখানকার শ্রীশ্রী সারদা তীর্থ আশ্রমে দীর্ঘ ২৬ বছর ধরে প্রাচীন রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে পূজিত হয়ে আসছেন ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মী।
২০০০ সালে এই আশ্রমে শুরু হয় ১৮ হাতবিশিষ্ট লক্ষ্মী প্রতিমার পুজো। সেই থেকেই চলছে এই কোজাগরী পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপুজো। কিন্তু কেন এই লক্ষ্মী প্রতিমার ১৮ হাত?
আসলে এখানে দেবীর ১৮টি হাত রয়েছে। যার মধ্যে রয়েছে চক্র, ত্রিশূল, গদা, তির-ধনুক, বজ্র, কুঠার, পদ্ম, শঙ্খ-সহ বিভিন্ন অস্ত্র ও প্রতীক। কর্তৃপক্ষের মতে, এখানে অসুরবিনাশিনী শক্তিরূপে লক্ষ্মী পূজিত হন।
এ দিন কোজাগরী পূর্ণিমা উপলক্ষে আশ্রমে পুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠানও পালিত হয়। ১৬ রকম উপাচারে দেবীর পুজো করা হয়। বিশেষ যজ্ঞ করা হয়। রাতে চিত্রপটেও লক্ষ্মীর পুজো করা হয়। ১০৮টি বেলপাতা অর্পণ করা হয় দেবীকে এবং বিশেষ ভোগও নিবেদন করা হয়। ভোগে থাকে পাঁচ রকমের ভাজা, তিন রকমের তরকারি, ডাল ও মিষ্টি।
আশ্রমের স্বামী আত্মাপ্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, ১৯৯৮ সালে আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০০ সাল থেকে শুরু হয় ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মীর পুজো। দেবীকে এখানে লক্ষ্মী, দুর্গা ও চণ্ডীর বিভিন্ন রূপের সমন্বয়ে শক্তির প্রতীক হিসেবে আরাধনা করা হয়।
আর এই ব্যতিক্রমী পুজো দেখতে প্রতি বছর দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় ২৬ বছরের ঐতিহ্য ধরে আজও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বামনগোলার গাঙ্গুরিয়া সারদা তীর্থ আশ্রমের এই বিশেষ মহালক্ষ্মী পুজো।
