কালবেলা · general
মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
১৩/১০/২০২৬

নেত্রকোনার মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হীরাসহ চারজনকে মাদক সেবনের অভিযোগে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে মদন পৌরসভার ফচিকা টিএনটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন- মদন দক্ষিণপাড়া গ্রামের শান্ত মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মানিক মিয়া (৩২) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আবদুল জলিলের ছেলে তারেক মিয়া (২৪)।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ফচিকা টিএনটি রোড এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনকালে চারজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। পরে চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗