মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের উলিপুরে ‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে ব্রহ্মপুত্র নদে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধভাবে ইলিশ মাছ ধরার অভিযোগে মোঃ বাবু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ৮ কেজি ইলিশ মাছ ও মাছ ধরার ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদে এ অভিযান পরিচালিত হয়। আটক মোঃ বাবু মিয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা গ্রামের জসমত শেখের ছেলে।
অভিযান চলাকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক)(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৫(২)(খ) ধারায় তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নদীর বিভিন্ন স্থান থেকে প্রায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রসিকিউশন দাখিল করেন উলিপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রফিকুল ইসলাম।মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।
The post উলিপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান, কারেন্ট জাল জব্দ, জরিমানা appeared first on sokalerkhobor24.com.
