সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম
চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে রিয়াজ (২১) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) সাতকানিয়া, লোহাগাড়া ও পটিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. অনিক হাসান(২৪) ফরহাদুল ইসলাম (২৩), সাইমন উদ্দিন শাকিল (২৫) ও কামরুল হাসান (১৭)।
পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর বিকেল ৫টায় উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের শাহ মজিদিয়া মার্কেট এলাকায় একটি দোকানের সামনে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে রিয়াজকে কয়েকজন মিলে মারধর করেন। এতে তার মাথা, নাক, মুখসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলার পদুয়া হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ অক্টোবর সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা রোজিনা আক্তার বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
