Published on
:
1 min read
বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার কুনুর নদীর জল আচমকাই কালো হয়ে ওঠে। তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি জলে ভেসে ওঠে প্রচুর মাছ। স্থানীয় বাসিন্দাদের অনুমান, দুর্গাপুর শিল্পাঞ্চলের রাসায়নিক পদার্থ নদীর জলে মিশে যাওয়ার ফলে এই ঘটনা ঘটেছে। যদিও আসল কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
কুনুর নদীতে এই কাণ্ড ঘটার পাশপাশি অন্য উদ্বেগও দেখা দিয়েছে আউশগ্রামে। নদীতে মাছ ভেসে ওঠার খবর পেয়ে এলাকাবাসীরা ওই মাছ ধরার জন্য ভিড় করেন। স্থানীয় সূত্রে খবর, আট থেকে আশি বিভিন্ন বয়সের মানুষ নদী থেকে মাছ সংগ্রহ করতে শুরু করেন। অনেকে জালও ফেলেন। রুই, কাতলা, মৃগেল থেকে ছোট মাছও উঠে এসেছে জালে। অভিযোগ, অনেকে এই মাছ নিজেদের খাওয়ার জন্য নিয়ে যান। আবার কেউ কেউ বাজারে বিক্রির জন্য এই মাছ নিয়ে যায়।
কুনুর নদীর জলে রাসায়নিক দূষণের আশঙ্কা প্রবল। সেই বিষ জলের মাছ খাওয়া কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দূষিত জলের মাছ খেলে অসুস্থ হওয়ার আশঙ্কা করছে বাসিন্দাদের একাংশ। এ ছাড়াও তাঁদের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত ওই নদীর জল ও মাছ পরীক্ষা করে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যেন মাছ খাওয়া ও বিক্রি না করা হয় তার দিকে প্রশাসনের নজর দেওয়া দরকার।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কুনুর নদীতে ১৫-২০ দিন অন্তর মাছ মরে ভেসে ওঠে। বার বার পঞ্চায়েত অফিসে অভিযোগ জানিয়েও স্থায়ী কোনও সমাধান মেলেনি। নদীর উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করেন এলাকার বহু মানুষ। ফলে, নদীর জল দূষিত হয়ে পড়লে, তাঁদের নানান সমস্যার মুখে পড়তে হবে বলেও জানান তাঁরা।
