গাজীপুরের শ্রীপুরে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর (সিজন-২) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কেওয়া পূর্ব খণ্ডকে ৪-২ গোলে হারিয়েছে মিরপুর দল। শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার গোসিংগা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
গাংচিল স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, সামাজিক সম্প্রীতি জোরদার এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বাউনী বাজার পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ সবুজ প্রধান।
প্রধান আলোচক ছিলেন গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন), গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইসমাঈল হোসেন (মাস্টার)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংচিল স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ আল-আমিন। সঞ্চালনা করেন গোসিংগা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও গাংচিল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তারেক সিকদার।
২০০৯ সাল থেকে স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম পরিচালনা করে আসছে গাংচিল স্পোর্টিং ক্লাব। ক্লাবটির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করছেন আয়োজকেরা।
