আগামী দিনে অহিংস বিশ্ব বিনির্মাণে কবীর-লালনের দর্শন মানব জাতিকে সত্যপথ দেখাবে
নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম
সন্ত কবীর থেকে লালন ফকির পর্যন্ত সুদীর্ঘ প্রায় ৫০০ বছরের মহতী এক অবিচ্ছিন্ন অভিযাত্রা আজও চলমান। মহাচৈতন্যময় এই জ্যোতির্বিন্দু দুটি এখানে এসে মিলিত হয়ে পরম অভিপ্সায় সূচনা করেছে তরঙ্গাভিঘাতের নতুন এক অভিমুখ।
তাঁদের মহাজাগতিক সুর তরঙ্গের সর্বব্যাপী প্রবল দোলায় ভেসে যায় দেশ, কাল, ভাষা, ধর্ম, বর্ণ, গোত্র, জাতপাতের নামে আরোপিত সব বিভাজন, বিদ্বেষ সংকুল সমস্ত ভ্রান্তির বাঁধ ও বাধার পাহাড়। আগামী দিনে তাই অহিংস বিশ্ব বিনির্মাণে কবীর-লালনের দর্শন মানব জাতিকে সত্যপথ দেখাবে।
চট্টগ্রামে কবীর-লালন ভাবসংগীত উৎসবে এ অভিমত ব্যক্ত করেছেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম।
লালন বিশ্বসংঘের উদ্যোগে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কবীর-লালন ভাবসংগীত উৎসব শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বসেছিল প্রাণের মেলা।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসব উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. শেখ সাদী। সভাপতিত্ব করেন লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও কবীর-লালন গবেষক আবদেল মাননান।
উৎসবে ‘কবীর থেকে লালন: চিরন্তন প্রেমের এক অক্ষয় বন্ধন’ শীর্ষক সংগীতালেখ্য নিবেদন করেন কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
