সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের কাকুয়ার পাড় কেওয়াছড়া সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশুর মৃত্যুর ঘটনায় দায় অস্বীকার করেছে সাদাপাথর পরিবহন কর্তৃপক্ষ। দুর্ঘটনায় মা ও শিশুকে চাপা দেওয়া বাসটি তাদের মালিকানাধীন বা পরিচালিত নয় বলে দাবি করেছে পরিবহনটির কর্তৃপক্ষ।
রোববার (১১ অক্টোবর) দেওয়া এক প্রতিবাদ ও স্পষ্টীকরণ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সাদাপাথর পরিবহনের ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম।
তবে পুলিশ বলছে, বাসটির পেছনের অংশে ছোট করে সাদা পাথর পরিবহন লেখা একটি স্টিকার রয়েছে। যার কারণে সবাই বলছে এটি সাদা পাথর পরিবহনের বাস।
সাদাপাথর পরিবহন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবরে সাদাপাথর পরিবহনের বাস জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে। তবে এ তথ্য সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। দুর্ঘটনাকবলিত বাসটি সাদাপাথর পরিবহনের মালিকানাধীন বা পরিচালিত কোনো বাস নয়। দুর্ঘটনার সঙ্গে তাদের পরিবহনের কোনো বাস বা চালক জড়িত ছিলেন না বলেও দাবি করা হয়েছে।
এ ঘটনায় নিহত মা ও শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাদাপাথর পরিবহন কর্তৃপক্ষ। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তারা।
বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমগুলোকে প্রকৃত তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কোনো সংবাদে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হলে তা সংশোধনের আহ্বান জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। যাত্রী ও সাধারণ মানুষকেও বিভ্রান্তিকর সংবাদে কান না দেওয়ার অনুরোধ করা হয়েছে।
সাদাপাথর পরিবহন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে আরও বলেছে, তারা সব সময় যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
দুর্ঘটনায় জড়িত বাসটির পরিচয় সম্পর্কে সাদাপাথর পরিবহন কর্তৃপক্ষের এই বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তবে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, বাসটির পেছনের অংশে ছোট করে সাদা পাথর পরিবহন লেখা একটি স্টিকার রয়েছে। আবার সামনের অংশে ন্যাশনাল পরিবহন লেখা রয়েছে। বর্তমানে বাসটি থানা হেফাজতে রয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
