ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে সরকারি সার ডিলার নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও যাচাই-বাছাইয়ের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন জমা পড়েছে। নিয়োগ প্রাপ্তির ক্ষেত্রে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আবেদন সূত্রে জানা গেছে, বিরুলিয়া ইউনিয়নের সরকারি সার ডিলার নিয়োগের জন্য পত্রিকার বিজ্ঞপ্তি দেখে আবেদন জানান স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম মিয়া (মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ)। নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দারা অগ্রাধিকার পাবেন এবং স্থানীয় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলেই কেবল পার্শ্ববর্তী ইউনিয়নের প্রার্থীকে নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে।
তবে আবেদনে অভিযোগ করা হয়, বিরুলিয়া ইউনিয়নে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত ‘মেসার্স পদ্মা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. নাজমুল আলম খানের স্থায়ী ঠিকানা মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার ইতরা গ্রামে। এ ছাড়া তিনি বর্তমানে সাভার পৌরসভার তালবাগ এলাকায় বসবাস করছেন। অভিযোগকারীর দাবি, স্থানীয় যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও নীতিমালার বিধান না মেনে অন্য জেলার বাসিন্দাকে নিয়োগ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ ইব্রাহিম মিয়া জেলা প্রশাসক এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি বরাবর গত ১১ অক্টোবর একটি লিখিত আবেদন জমা দেন। আবেদনে বিরুলিয়া ইউনিয়নে ডিলার নিয়োগে আবেদনকারীদের যোগ্যতা, স্থায়ী বাসিন্দার শর্ত ও প্রাসঙ্গিক বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কিনা, তা নিরপেক্ষভাবে যাচাই-বাছাইপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
আবেদনটির অনুলিপি ঢাকা জেলার পুলিশ সুপার, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার এবং জেলা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নিয়োগপ্রাপ্ত ‘মেসার্স পদ্মা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. নাজমুল আলম খান বলেন, আমি ৫০ বছর যাবৎ সাভারে বসবাস করে আসছি এবং একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। সাভারের বাসিন্দা হিসেবে আমি বিরুলিয়ায় সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছি।
সাভার উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন বলেন, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার বাসিন্দাদের মধ্য থেকে সার ডিলার নিয়োগের নিয়ম রয়েছে। ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আবেদন না পেলে উপজেলা থেকে ডিলার নিয়োগ করা যায়।
অভিযোগকারী মোহাম্মদ ইব্রাহীম মিয়া বলেন, আমি বিরুলিয়ার স্থায়ী বাসিন্দা হিসেবে সার ডিলার নিয়োগের জন্য আবেদন করেছি। আমার আবেদনকে উপেক্ষা করে নাজমুল আলম খানকে নিয়োগ দেওয়া আইনসম্মত হয়নি।
