স্টাফ রিপোর্টার।।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে খুলনা-১ আসনের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান।
শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী তিনি বটিয়াঘাটা উপজেলার আমিরপুর, বালিয়াডাঙ্গা এবং ভান্ডারকোট ইউনিয়নের সর্বজনীন ও পারিবারিক মন্দিরসহ একাধিক পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আলোকসজ্জার খোঁজখবর নেন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান বলেন, খুলনা-১ আসন আবহমানকাল ধরেই সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীন ও নিরাপদে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করবেন-এটাই আমাদের অঙ্গীকার। আমাদের দল ও নেতার স্পষ্ট নির্দেশ-ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের চক্রান্ত, বিভেদ সৃষ্টি বা অপপ্রয়াসের চেষ্টা চালানো হলে তা কঠোর হাতে দমন করা হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেকোনো অপশক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।
তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যেন পুণ্যার্থীরা উৎসবমুখর পরিবেশে পূজা-অর্চনা সম্পন্ন করতে পারেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্ব-স্ব ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
