আন্তর্জাতিক বাজারে সপ্তাহের শুরুতেই কমলো স্বর্ণের দাম। মার্কিন ডলারের দর বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সংক্রান্ত প্রতিবেদনের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ার কারণেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে এই পতন দেখা দিয়েছে। খবর রয়টার্সের।
সোমবার (১২ অক্টোবর) স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ১৭৬ দশমিক ৮৬ ডলারে নেমে এসেছে। এর আগে লেনদেনের শুরুর দিকে এর দাম বেড়ে দুই অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
বাজার বিশ্লেষকরা জানান, মার্কিন ডলারের শক্ত অবস্থানের কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। বিশেষ করে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতি (সিপিআই) ও পাইকারি মূল্যস্ফীতির (পিপিআই) তথ্য প্রকাশ হতে যাচ্ছে। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ সুদের হার নির্ধারণের ভবিষ্যৎ পদক্ষেপ ঠিক করবে।
সাধারণত সুদের হার বেশি থাকলে বন্ড বা অন্যান্য খাতে লাভ বেশি পাওয়া যায়, যার ফলে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমে যায়।
স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রূপার দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ৬২ ডলারে ও প্ল্যাটিনামের দাম ০.২ শতাংশ কমে এক হাজার ৬৮৪ দশমিক ৭১ ডলারে নেমেছে। তবে প্যালাডিয়ামের দাম সামান্য ০.১ শতাংশ বেড়ে এক হাজার ১৪৯ দশমিক ২০ ডলার ছুঁয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: স্বর্ণ
০৯ অক্টোবর ২০২৬
০৯ অক্টোবর ২০২৬
০৮ অক্টোবর ২০২৬
