‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন পোস্ট দিয়ে আলোচনায় আসা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মুজিবুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আরিফুর রহমান শান্ত (পরিচিতি নম্বর-১৯০৪১), বর্তমানে জামালগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারী কমিশনার (ভূমি), তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আদেশে জনস্বার্থে-এ বদলি করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
এর আগে, গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এসিল্যান্ড জামালগঞ্জ ফেসবুক অ্যাকাউন্টে পরপর দুটি পোস্ট দেন আরিফুর রহমান শান্ত। একটি পোস্টে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে।’ অন্য পোস্টে লেখেন, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।’
পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে অসুস্থ অবস্থায় তাকে প্রথমে সিলেট এবং পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয় বলে জানা যায়। তবে ফেসবুকে এমন পোস্ট দেয়ার পর এসিল্যান্ডের প্রত্যাহারের ঘটনায় স্থানীয়ভাবে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
