খুলনার তেরখাদার মধুপুর শ্যামনগর পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক নারীকে (৩১) গণধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে এ গণধর্ষণের ঘটনা ঘটে। বর্তমানে ধর্ষণের শিকার ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছে।
আটককৃতরা হলেন- তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের মিকাঈল শেখের ছেলে সামিউল শেখ (২৮), একই গ্রামের মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাহাজাহান শরীফ (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে দিঘলিয়া যাওয়ার জন্য তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের বেলেঘাটে অপেক্ষা করছিলেন ভুক্তভোগী ওই নারী। এ সময় কয়েকজন জেলে তাকে নদী পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন। তবে নৌকাটি দিঘলিয়ার দিকে না নিয়ে মধুপুর শ্যামনগর পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে নিয়ে যান তারা। সেখানে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মোহাম্মদ মিলন /এইচএস
