ডেস্ক রিপোর্ট: আন্দোলনের ২১ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।
১২ অক্টোবর সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি রাউজানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। পরে উপাচার্যের কার্যালয়ে যান।
উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে চুয়েটে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে। এ দাবিতে তাঁরা ক্লাস ও পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতি পালন করছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।
নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ শরীফুল আলম নিয়োগ পাওয়ার পর থেকেই তাঁর ক্যাম্পাসে যোগদান নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। শিক্ষার্থীদের আন্দোলন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
সোমবার সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে নতুন উপাচার্যের প্রবেশের মধ্য দিয়ে ক্যাম্পাসে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
সূত্র: ঢাকা পোস্ট
