দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর অধিনায়কদের নিয়ে ‘অধিনায়ক সম্মেলন’।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ ক্রীড়া আসর আয়োজন করছে এবিজি স্পোর্টস সিটি।
সম্মেলনে অংশগ্রহণকারী ১০টি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের অধিনায়ক, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, খেলার নিয়মাবলি এবং খেলার সূচি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, প্রতিযোগিতার আনুষ্ঠানিক জার্সি উন্মোচন ও খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো ক্রিকেট ও ফুটবলে পৃথক ক্যাটাগরিতে দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা বাড়ানো, পারস্পরিক সম্প্রীতি জোরদার এবং প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ১০ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫ লাখ টাকা প্রাইজমানি দেওয়ার ঘোষণা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। ক্রিকেট ও ফুটবলের জন্য পৃথকভাবে এ পুরস্কার দেওয়া হবে।
এবিজি স্পোর্টস সিটির চেয়ারম্যান সায়েম সোবহানের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টে প্রথমবারের মতো রাতের ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
অধিনায়ক সম্মেলনে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, অ্যাডভাইজার মো. লিয়াকত হোসেন ও মো. নজমুল আলম ভূঁইয়া, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভীর উল ইসলাম এবং অপারেশনস ম্যানেজার (ফুটবল) সালমান হাসান ও অপারেশনস ম্যানেজার (ক্রিকেট) ইকরাম হোসেন রাফি।
এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, আয়োজক ও অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের মতে, শিক্ষার্থীদের মধ্যে দলগত সম্প্রীতি গড়ে তোলা এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেআই
