শারদীয় দুর্গাপূজা ঘিরে মানিকগঞ্জের পাঁচ শতাধিক পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজরদারি চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। জেলার সাতটি উপজেলায় তিন শিফটে দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জের শ্রী শ্রী আনন্দময়ী কালীমন্দিরের দুর্গামণ্ডপে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৪-এর সিপিসি-৩ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর এস কে এম সাদমান হোসেন।
তিনি জানান, দুর্গাপূজার নিরাপত্তায় মানিকগঞ্জে এসআরবির প্রায় ৮০ জন সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। নিয়মিত দায়িত্বে থাকা সদস্যদের পাশাপাশি ঢাকা থেকে অতিরিক্ত ২০ থেকে ৩০ জন সদস্য আনা হয়েছে। গত ১৩ অক্টোবর থেকে তাঁরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় কাজ করছেন।
মেজর সাদমান হোসেন বলেন, জেলার সাতটি উপজেলায় পাঁচ শতাধিক পূজামণ্ডপ রয়েছে। এর অধিকাংশ ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কিছু মণ্ডপকে বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে।
তিনি আরও বলেন, কোথাও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে এসআরবির। এ জন্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা পূজামণ্ডপগুলোতে যাতায়াতের পথ সম্পর্কেও ধারণা নিয়েছেন।
পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো হামলা, অপ্রীতিকর ঘটনা কিংবা সাম্প্রদায়িক বিরোধের খবর পাওয়া যায়নি। মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজার আয়োজন চলছে। দর্শনার্থীদের উপস্থিতিও উল্লেখযোগ্য।
উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে এসআরবির সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে এসআরবির অন্যান্য কর্মকর্তা ও সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
The post মানিকগঞ্জে ৫ শতাধিক পূজামণ্ডপে এসআরবির ২৪ ঘণ্টা নজরদারি appeared first on ভোরের চেতনা.
