‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla) মানেই আজ ভাব, কাল আড়ি! কখন যে বন্ধুত্ব শত্রুতায় বদলে যায়, আবার কখন শত্রু বন্ধু হয়ে যায়, তা বোঝা বেশ মুশকিল। তবে গত কয়েকদিনের পর্বে এটা স্পষ্ট যে, অভিনেত্রী মনামী গুহের বিরুদ্ধে জীতু কামালের মনে জমে রয়েছে প্রবল ক্ষোভ। যা টাস্কে বারবার প্রকাশ্যে চলে এসেছে। একটি সাক্ষাৎকারে তা নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী মনামীর মা তমশা ঘোষ। তাঁর কথায়, “ওকে মেরেই ফেলত, জীতু একটা খুনি।”
মনামীর মা বলেন, “ও তো মনামীকে মেরেই ফেলত। জীতু কামাল একটা খুনি। ওকে মেন্টাল হাসপাতালে দেওয়া উচিত। ও চাইছিল মুখে মেরে মেরে চোখ, নাক, গাল সব ফাটিয়ে দিতে। ক্ষত করে রাখুক যাতে ও খেলতে না পারে।”
বিষয়টা ঠিক কী? বিগ বস বাংলার প্রায় শুরু থেকেই দেখা গিয়েছে, রাজবীর দে, নন্দিনী দত্ত ও মনামী একটা টিম হিসেবে খেলছেন। জীতু কামালের ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতেই বদলে যায় সেই সমীকরণ। জীতু সেই দলে ঢুকতেই দেখা যায়, মনামী খানিকটা কোণঠাসা হয়ে পড়েন। সময় যত এগোচ্ছে, ততই যেন একা হচ্ছেন অভিনেত্রী। বেশ কয়েক সপ্তাহ আগে দেখা গিয়েছিল, ঘোড়ার টাস্কে জীতু কার্যত ঘোড়া-সহ মনামীকে টানতে টানতে নিয়ে যান তাঁকে। স্বাভাবিকভাবেই তিনি আঘাতও পান। এরপর একাধিক টাস্কে মনামীকে ইচ্ছাকৃত আক্রমণ করতে দেখা যায় জীতুকে। সম্প্রতি পিরামিড টাস্কেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। গায়ের জোরে মনামীকে লক্ষ্য করে বল ছুঁড়তে দেখা যায় জীতুকে। গোলকধাঁধাতেও কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।
গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই বেজায় বিরক্ত মনামীর মা তমশা। তিনি বলেন, “ও তো মনামীকে মেরেই ফেলত।” এখানেই থামেননি তিনি। আরও বলেন, “জীতু কামাল একটা খুনি। ওকে মেন্টাল হাসপাতালে দেওয়া উচিত। ও চাইছিল মুখে মেরে মেরে চোখ, নাক, গাল সব ফাটিয়ে দিতে। ক্ষত করে রাখুক যাতে ও খেলতে না পারে।” তমশার দাবি, মনামী প্রতিযোগী হিসেবে টেক্কা দেবে বুঝেই তাঁকে আক্রমণ করছেন জীতু।
