Authored By:
Published on
:
3 min read
রেস্তোরাঁয় খাওয়া এখন এক্সপেরিয়েন্সও। আর সেই অভিজ্ঞতায় নতুন সংযোজন এখন সাপার ক্লাব। বিদেশে বহুদিনের জনপ্রিয় এই ট্রেন্ড এখন ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে কলকাতার ফুড সিনে। এখানে খাবারের থেকেও বেশি গুরুত্ব পায় মানুষ, গল্প আর যোগাযোগ, যেখানে একই টেবিলে বসে অচেনা মানুষ হয়ে ওঠে বন্ধু।
সাপার ক্লাব আসলে কী?
সহজ করে বললে, এটি এক ধরনের ছোট, ঘরোয়া বা প্রাইভেট ডাইনিং অভিজ্ঞতা। যেখানে সীমিত সংখ্যক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। অনেক সময়ে এটি কারও বাড়ি, স্টুডিয়ো বা ছোট প্রাইভেট স্পেসে আয়োজন করা হয়। এখানে রেস্তোরাঁর মতো বড় মেনু থাকে না। বরং একটি নির্দিষ্ট, কিউরেটেড কোর্স-ভিত্তিক মেনু পরিবেশন করা হয়। খাবারের সঙ্গে থাকে তার গল্প, উপকরণের উৎস এবং শেফের ব্যক্তিগত ভাবনা।
পুজোর সময়েও এই ট্রেন্ডে গা ভাসাতে পারেন। পুজোর দিনে বন্ধুদের আমন্ত্রণ জানালেন। আয়োজন করলে সাপার ক্লাবের। আপনাকে মেনু বা রান্না নিয়ে মাথা ঘামাতে হবে না। কিউরেটেড মেনু তৈরি থেকে, রান্না এবং পরিবেশন— যাবতীয় দায়িত্ব নেবেন শেফ।
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে সাপার ক্লাবের ধারণা নতুন নয়। ১৯৩০-৪০-এর দশকে আমেরিকায় এটি ছিল এক ধরনের সোশ্যাল ডাইনিং ক্লাব। যেখানে মানুষ খাওয়া, আড্ডা এবং বিনোদনের জন্য একসঙ্গে সময় কাটাতেন। বর্তমানে এর আধুনিক রূপ অনেকটাই ‘আন্ডারগ্রাউন্ড’ বা এক্সক্লুসিভ ডাইনিং অভিজ্ঞতা।যেখানে অতিথিরা অনেক সময়ে আগে থেকে বুকিং বা ইনভাইটের মাধ্যমে অংশ নেন। কলকাতায় এই ট্রেন্ডটি নতুন হলেও দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। শহরের তরুণ শেফ, হোম কুক এবং ফুড এনথুজ়িয়াস্টরা এই ফরম্যাটকে গ্রহণ করেছেন। কারণ এটি তাঁদের সৃজনশীলতার স্বাধীনতা দেয়। তাঁরা রেস্তোরাঁর সীমাবদ্ধতার বাইরে গিয়ে নতুন নতুন মেনু, থিম এবং ফ্লেভার নিয়ে পরীক্ষা করতে পারেন।
এই সাপার ক্লাবগুলি সাধারণত সপ্তাহান্তে খাবারের আয়োজন করে। শুক্রবার বা শনিবার রাতে, কখনও রবিবার লাঞ্চেও। অনেক ক্লাব মাসে এক বা দুইবার আয়োজন করে, আবার কিছু ক্লাব বিশেষ থিম বা সিজ়নাল মেনুর উপর ভিত্তি করে নির্দিষ্ট দিনে ইভেন্ট রাখে। অতিথির সংখ্যা সাধারণত ছয় থেকে ১২ জনের মধ্যে সীমাবদ্ধ থাকে, যাতে পুরো অভিজ্ঞতাটি অন্তরঙ্গ থাকে। কলকাতার কিছু জনপ্রিয় সাপার ক্লাবের মধ্যে রয়েছে ছোট ছোট উদ্যোগ। যেমন হোম শেফদের পরিচালিত থিম-ভিত্তিক ডিনার, যেখানে কখনও জাপানি ওমাকাসে, কখনও মেক্সিকান, আবার কখনও বাঙালি খাবারের আধুনিক রূপ পরিবেশন করা হয়। এই ধরনের ক্লাবগুলিতে খাবারের পাশাপাশি গল্প বলাও একটি গুরুত্বপূর্ণ অংশ, যা পুরো অভিজ্ঞতাকে ব্যক্তিগত করে তোলে।
ছবি: সংগৃহীত
সাপার ক্লাবের সবচেয়ে বড় আকর্ষণ হল অচেনা মানুষদের সঙ্গে সংযোগ তৈরি করা। এখানে আপনি আপনার বন্ধুদের সঙ্গে যেতে পারেন, আবার একা বুকিং করলেও সমস্যা নেই। বরং অনেক ক্ষেত্রেই আয়োজকদের লক্ষ্য থাকে এমন মানুষদের একত্র করা যাঁরা একে-অন্যকে চেনেন না। খাবারের টেবিলেই শুরু হয় আলাপ, শেয়ার হয় গল্প, আর সেই থেকেই তৈরি হয় নতুন বন্ধুত্ব। দ্রুতগতির, ডিজিটাল জীবনে এই ‘রিয়েল কানেকশন’-এর চাহিদাই সাপার ক্লাবকে জনপ্রিয় করে তুলছে। নিজের বাড়িতেও আয়োজন করতে পারেন সাপার ক্লাবের। আবার পুজোয় একা থাকতে না চাইলেও যেতে পারেন কোনও সাপার ক্লাবে।
ছবি: সংগৃহীত
এখন প্রশ্ন, পপ-আপ ডাইনিং আর সাপার ক্লাবের মধ্যে পার্থক্য কী? দুটোই অস্থায়ী বা বিশেষ ইভেন্ট হলেও তাদের উদ্দেশ্য আলাদা। পপ-আপ মূলত একটি রেস্তোরাঁ বা শেফের নতুন কনসেপ্ট বা মেনু ট্রাই করার প্ল্যাটফর্ম। যেখানে ফোকাস থাকে খাবারের উপর। কিন্তু সাপার ক্লাবে খাবারের পাশাপাশি সমান গুরুত্ব পায় সামাজিকতা, আলাপচারিতা এবং কমিউনিটি তৈরি। এখানে আপনি শুধু খেতে যান না, একটি অভিজ্ঞতার অংশ হতে যান। আর একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল স্কেল। পপ-আপ ইভেন্টে অনেক বেশি মানুষ থাকতে পারেন, কিন্তু সাপার ক্লাব সব সময়েই ছোট, ইন্টিমেট এবং কিউরেটেড। অনেক সময়ে লোকেশনও আগে থেকে প্রকাশ করা হয় না, যা পুরো বিষয়টিকে আরও এক্সক্লুসিভ করে তোলে।
আজকের দিনে শহুরে জীবনে একাকিত্ব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাপার ক্লাব তাই এক নতুন সোশ্যাল প্ল্যাটফর্ম হিসেবে উঠে আসছে। এখানে খাবার হয়ে উঠছে মানুষকে মানুষের সঙ্গে আলাপ করানোর এক মাধ্যম। কলকাতার মতো শহরে, যেখানে আড্ডা আর খাওয়া একে অন্যের পরিপূরক, সেখানে সাপার ক্লাব খুব স্বাভাবিকভাবেই জায়গা করে নিচ্ছে। ধীরে ধীরে এটি শুধু একটি ট্রেন্ড নয়, বরং এক নতুন লাইফস্টাইল হয়ে উঠছে। যেখানে সময় নিয়ে খাওয়া, গল্প করা এবং নতুন মানুষকে চেনার মধ্যেই লুকিয়ে আছে আসল আনন্দ।
