উজবেকিস্তানে গতকাল (সোমবার) থেকে শুরু হয়েছে এশিয়ান টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের তিন নারী খেলোয়াড়, দুই পুরুষ খেলোয়াড়, কোচ, কর্মকর্তা গেলেও সেই দফায় মুহতাসিন আহমেদ হৃদয় যেতে পারেননি। ভিসা জটিলতা কাটিয়ে আজ (মঙ্গলবার) উজবেকিস্তানে রওনা হয়েছেন তিনি।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল হক সাদী জানিয়েছেন, ‘হৃদয়ের ভিসা ছিল। তবে কালো দাগ ছিল তার একটি কাগজে। সেজন্য এয়ার এরাবিয়া তাকে বিমানবন্দর থেকেই ফেরত দিয়েছিল। এরপর আমরা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করি। তারা তাদের মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে হৃদয়ের সমস্যা সমাধান করেছে। উজবেকিস্তানে রওনা হয়েছে হৃদয়।’

হৃদয়ের ভিসা জটিলতার জন্য ফেডারেশন চতুর্থ র্যাঙ্কিংধারী ইমনকে পাঠাতে চেয়েছিল। তবে ফ্লাইট জটিলতায় তাকেও পাঠায়নি ফেডারেশন। এর মধ্যে হৃদয়ের ভিসা জটিলতা সমাধান হওয়ায় তার টিটি চ্যাম্পিয়নশিপের পথ খুলে গেছে।
পুরুষ ইভেন্টে ৩ জন মিলে দলগত খেলতে হয়। হৃদয় যেতে না পারায় বাংলাদেশ দলগত ইভেন্টে খেলতে পারেনি। ফেডারেশনের সহ-সভাপতি হাসান মুনির সুমন আয়োজকদের অনুরোধ করে হৃদয়ের এককের খেলা পিছিয়েছে। হৃদয় এখন একক ও দ্বৈত ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন।
নারী একক ইভেন্টে সাদিয়া রহমান মৌ ৩-১ সেটে উজবেকিস্তানের খেলোয়াড়কে পরাজিত করেছে। তার সঙ্গে হৃদয়ের মিশ্র জুটির খেলা ছিল। উজবেকিস্তান প্রথমবারের মতো এশিয়ান টিটি আয়োজন করছে। ৩৩ দেশ থেকে মোট ২৫৫ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। পুরুষ ও নারী একক, পুরুষ ও নারী দ্বৈত, মিশ্র দ্বৈত এবং পুরুষ ও নারী দলগতসহ মোট ৭টি ইভেন্টে এশিয়ার শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে। বাংলাদেশ হৃদয়ের ভিসা জটিলতায় এক ইভেন্টে কম অংশগ্রহণ করছে।
এজেড/এএইচএস
