প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জর্জিয়ান ফরোয়ার্ড কভিচা কভারাতসখেলিয়া মারাত্মক হাঁটুর চোটে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি আসরের তৃতীয় ম্যাচে তাঁর ডান পায়ের অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। ফলে ২০২৬-২৭ মৌসুমের বাকি সময়ে তাঁর আর মাঠে নামার সম্ভাবনা নেই। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া এই তারকার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি কর্তৃপক্ষ।
বার্সেলোনার বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে চোটের কবলে পড়েন কভারাতসখেলিয়া। ম্যাচের ৫৯তম মিনিটে প্রতিপক্ষের জাভি এস্পার্তের সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় ডান হাঁটুতে বড় ধরনের আঘাত পান তিনি। পরিস্থিতি গুরুতর দেখে পিএসজির চিকিৎসাকর্মীরা তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যান। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে উঠতে শিগগিরই তাঁর ডান হাঁটুতে অস্ত্রোপচার করা হবে। এরপর শুরু হবে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া। ক্লাব কর্তৃপক্ষ তাঁর ফেরার নির্দিষ্ট কোনো সময়সীমা না জানালেও চিকিৎসকদের মতে, এ ধরনের চোট কাটিয়ে মাঠে ফিরতে সাধারণত অন্তত ৯ মাস সময় লাগে।
ক্যারিয়ারের শীর্ষ সময়ে এমন বড় ধাক্কায় মানসিকভাবে ভেঙে পড়েছেন এই জর্জিয়ান তারকা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হতাশা ও আবেগ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘বিশেষ করে আমার সঙ্গেই কেন এমন হলো? আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না।’ তাঁর এই পোস্ট ভক্ত ও ফুটবল মহলে গভীর সহানুভূতির সৃষ্টি করেছে।
কভারাতসখেলিয়ার এই দুঃসময়ে তাঁকে মানসিক শক্তি জোগাতে এগিয়ে এসেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের এই ফরোয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনুপ্রেরণামূলক বার্তা দিয়ে লিখেছেন, ফুটবলের সবচেয়ে কঠিন লড়াইগুলো প্রায়শই পর্দার আড়ালে ঘটে, যা অনেকেই দেখতে পায় না। তিনি কভারাকে মনে করিয়ে দেন, যে সামর্থ্যের জোরে তিনি আজকের এই অবস্থানে এসেছেন, এই কঠিন মুহূর্ত যেন সেই বিশ্বাসে ফাটল ধরাতে না পারে। রোনালদো তাঁকে নিজের ভেতরের আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানিয়ে লেখেন, তাঁর সেরা দিন এবং বড় অর্জনগুলো এখনো সামনেই অপেক্ষা করছে।
